মঙ্গলবার , ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ জুলাই, ২০২৬


প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতারা। সোমবার (২৭ জুলাই) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনা করার পাশাপাশি সরকারের ইতিবাচক কর্মকাণ্ডও যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান। সাধারণ মানুষ যাতে সরকারের বিভিন্ন ভালো উদ্যোগ ও কার্যক্রম সম্পর্কে জানতে পারেন, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

এ ছাড়া স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য যে নীতিমালা প্রণয়নের কাজ চলছে, সে বিষয়ে সম্পাদকদের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও যায়যায়দিন-এর সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর সম্পাদক মারুফ কামাল খান সোহেল, দৈনিক নয়া দিগন্ত-এর সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, যুগান্তর-এর সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, ওয়াদা-এর সম্পাদক শফিকুল আলম এবং মানবকণ্ঠ-এর সম্পাদক শহিদুল ইসলাম।

বৈঠকে গণমাধ্যমের স্বাধীনতা, সরকারের কর্মকাণ্ড এবং সাংবাদিকদের জন্য প্রস্তাবিত নীতিমালা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।