ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর বিএনপির সংসদীয় দলের সভায় দলের চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা নির্বাচিত হন এবং মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এর পর থেকেই প্রধানমন্ত্রী হিসেবে তার বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে জনমনে আগ্রহ তৈরি হয়েছে।
‘দ্য প্রাইম মিনিস্টার্স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬’ অনুযায়ী প্রধানমন্ত্রীর মাসিক বেতন নির্ধারিত ১ লাখ ১৫ হাজার টাকা। এর পাশাপাশি তিনি মাসিক ১ লাখ টাকা বাড়িভাড়া ভাতা পাওয়ার অধিকারী। যদিও প্রচলিতভাবে প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে অবস্থান করেন, তবুও আইন অনুযায়ী এই ভাতা প্রাপ্য।
প্রধানমন্ত্রীর দৈনিক ভাতা নির্ধারিত রয়েছে ৩ হাজার টাকা। সরকারি সফর ও বিমান ভ্রমণের ক্ষেত্রে তার জন্য ২৫ লাখ টাকার বিমা সুবিধা রয়েছে। এছাড়া তার অধীনে দেড় কোটি টাকার একটি স্বেচ্ছাধীন তহবিল থাকে, যা বিশেষ প্রয়োজনে ব্যয় করা যায়।
প্রধানমন্ত্রীর দাপ্তরিক বিনোদন ব্যয় সম্পূর্ণরূপে ভাতা হিসেবে প্রদান করা হয়। অফিস থেকে বাসভবন এবং বাসভবন থেকে অফিসে যাতায়াতের ব্যয় সরকার বহন করে। প্রধানমন্ত্রীর পরিবারের নির্দিষ্ট কিছু ব্যয়ও ভাতার আওতায় পড়ে।
এছাড়া প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোনসহ অন্যান্য ইউটিলিটি বিল সরকার বহন করে থাকে। নিরাপত্তা, পরিবহন ও প্রটোকল সংক্রান্ত সব ব্যবস্থাও রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।