মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী Tarique Rahman-এর আগমনের আগেই বাতাসে উপকারভোগীদের জন্য নির্মিত প্যান্ডেল ভেঙে পড়েছে।
আজ বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে উপকারভোগী ও অতিথিদের বসার জন্য তৈরি করা প্যান্ডেলটি হঠাৎ দমকা বাতাসে ধসে পড়ে। এ সময় সেখানে অবস্থানরত লোকজনকে আতঙ্কিত হয়ে দ্রুত সরে যেতে দেখা যায়।
তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আয়োজকরা জানিয়েছেন, মূল মঞ্চের কোনো ক্ষতি হয়নি।
প্যান্ডেল ভেঙে পড়ার পর দ্রুত সেটি খুলে ফেলা হয় এবং প্রধানমন্ত্রীর আগমনের আগেই নতুন করে চেয়ার বসিয়ে অনুষ্ঠানস্থল প্রস্তুত করা হয়।
সফরসূচি অনুযায়ী, আজ সকাল ১০টা ১৭ মিনিটে সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। দুপুর ১টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।