বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

প্রধানমন্ত্রীর যশোর সফরে উলাশী খালের পুনঃখননসহ গুরুত্বপূর্ণ প্রকল্প উদ্বোধন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

আগামী ২৭ এপ্রিল যশোর সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজরিত উলাশী খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শন করবেন। এছাড়া যশোর ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শহরের কেন্দ্রীয় ঈদগাহে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ও যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশে প্রথম খাল খননের ইতিহাস রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে। ১৯৭৬ সালের ১ নভেম্বর উলাশী-যদুনাথপুর খাল খনন কার্যক্রম শুরু হয়। স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে অংশ নিয়ে কৃষি ব্যবস্থার উন্নয়নে অবদান রাখেন। ধারাবাহিক কার্যক্রমের পর ছয় মাস পর ১৯৭৭ সালের ৩০ এপ্রিল উলাশী খাল উদ্বোধন করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

গত ২ ফেব্রুয়ারি বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জনসভায় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ক্ষমতায় গেলে উলাশী খাল পুনঃখননসহ দেশের হাজার হাজার খাল খনন করা হবে। তিনি নিজেও পুনঃখনন কার্যক্রমে সরাসরি অংশ নেবেন।

যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে রয়েছে উলাশী খালের পুনঃখনন ছাড়াও ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং শহরের কেন্দ্রীয় ঈদগাহে জনসভা।

যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী জানান, চার কিলোমিটার খাল পুনঃখননের জন্য এক কোটি ৩৭ লাখ টাকার প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে এবং তালিকা পানিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমনের পূর্বে ২ এপ্রিল জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান খাল এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি খাল খনন কাজের অগ্রগতি, নির্মাণমান এবং স্থানীয় জনগণের সম্ভাব্য উপকারিতা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন, যাতে কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হয় এবং জলাবদ্ধতা ও কৃষি উৎপাদনে কার্যকর ভূমিকা রাখে।

পরিদর্শনে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপি সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন উপস্থিত ছিলেন।