বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মুখপাত্র নিযুক্ত: মাহদী আমিন ও ছালেহ শিবলী

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মুখপাত্র হিসেবে নিযুক্ত হয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (শিবলী)ছালেহ শিবলী। রোববার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ২৮(৪) অনুযায়ী মাহদী আমিন ও ছালেহ শিবলী কার্যালয়ের দাপ্তরিক তথ্য প্রেস, মিডিয়া বা অন্যান্য মাধ্যমে প্রচার ও প্রদানের ক্ষেত্রে মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

মাহদী আমিন বর্তমানে প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টার দায়িত্বে আছেন এবং শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি দীর্ঘদিন ধরে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, যুব ও নারী ক্ষমতায়ন এবং রাষ্ট্রীয় সংস্কার নিয়ে কাজ করছেন।

অপরদিকে, প্রেস সচিব ছালেহ শিবলী বহু বছর গণমাধ্যমে কাজ করেছেন। তিনি বার্তা সংস্থা ইউএনবি, দৈনিক মানবজমিন, বাংলাবাজার পত্রিকা ও চ্যানেল আইসহ বিভিন্ন সংস্থায় সাংবাদিকতা করেছেন। ২০০৪ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর প্রেস সচিব হিসেবেও কাজ করেছেন এবং চারদলীয় জোট সরকারের সময় কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) ছিলেন।

মুখপাত্রদের নিযুক্তি বাংলাদেশের সরকারের দাপ্তরিক তথ্য ও মিডিয়া পরিচালনার ক্ষেত্রে প্রভাবশালী ভূমিকা রাখবে।