রবিবার , ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১২ই সফর, ১৪৪৮ হিজরি

প্রথমবার বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে বাড়ছে প্রত্যাশা

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ জুলাই, ২০২৬

প্রথমবারের মতো আগামীকাল সোমবার (১৩ জুলাই) বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এ সফরকে কেন্দ্র করে বরিশালসহ পুরো দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি দীর্ঘদিনের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে—এমন প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।

সফরসূচি অনুযায়ী, সোমবার সকালে গৌরনদী উপজেলার বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে বরিশাল নগরীর বেলস পার্ক সংলগ্ন এলাকায় আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় ও সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

এছাড়া দেশের সার্বিক পরিস্থিতি ও ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় করবেন বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের মানুষের প্রধান প্রত্যাশা দীর্ঘদিনের উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি। এর মধ্যে ঢাকা-বরিশাল ছয় লেন মহাসড়ক নির্মাণ, বরিশালে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) স্থাপন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ প্রকল্পে সরকারের সুস্পষ্ট ঘোষণা বা প্রতিশ্রুতি চান স্থানীয়রা।

তাদের মতে, এসব প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলে শিল্পায়ন, কর্মসংস্থান, বিনিয়োগ এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে। একই সঙ্গে দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্যও অনেকাংশে কমে আসবে।

সফরকে সফল করতে প্রশাসনিক ও রাজনৈতিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন, বরিশালের বিভিন্ন সংসদীয় আসনের সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা অংশ নেন। সভায় নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, জনসমাগম ব্যবস্থাপনা ও সার্বিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরীর বিভিন্ন এলাকায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্বাগত মিছিল, প্রচার কর্মসূচি ও গণসংযোগ অব্যাহত রয়েছে। দলীয় কার্যালয়গুলোতেও বিরাজ করছে উৎসবের আমেজ।

দলীয় নেতারা আশা প্রকাশ করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বরিশাল সফর দক্ষিণাঞ্চলের উন্নয়ন ও রাজনৈতিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে এবং দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়নে ইতিবাচক অগ্রগতি দেখা যাবে।