বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

প্রতিবন্ধীদের জন্য বাস-ট্রেন-লঞ্চে বিনা ভাড়ায় চলাচলের উদ্যোগ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

দেশের শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য গণপরিবহনে বিনা ভাড়ায় যাতায়াতের আইনি বিধান করার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও জিয়াউর রহমান ফাউন্ডেশন–এর সহ-সভাপতি ডা. জোবাইদা রহমান। তিনি বলেন, প্রতিবন্ধকতা যেন কোনোভাবেই মানুষের স্বাভাবিক জীবনযাপনের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্য তাদের মর্যাদা, অধিকার ও সব ক্ষেত্রে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর কড়াইল বস্তিতে ‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচি প্রতিবন্ধী শিশু-কিশোরদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে চালু করা হয়েছে।

ডা. জোবাইদা রহমান বলেন, বর্তমান সময়ে বিজ্ঞানের সহায়তায় বিশেষভাবে সক্ষম শিশু-কিশোরদের জন্য দ্রুত ও সময়োপযোগী চিকিৎসা নিশ্চিত করা জরুরি। সঠিক সময়ে চিকিৎসা ও সহায়তা পেলে তাদের সুপ্ত প্রতিভা বিকশিত হতে পারে। তিনি জানান, ‘শিশু স্বর্গ’ প্রকল্প শিশু ও তাদের মায়েদের জন্য একটি কার্যকর সহায়ক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

তিনি আরও বলেন, আত্মবিশ্বাসই বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের পরিবারকে হতাশা থেকে বের করে স্বাবলম্বী জীবনের পথে এগিয়ে নিতে পারে। এজন্য প্রতিবন্ধীবান্ধব নাগরিক সেবা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলসহ অন্যরা।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন UNICEF–এর বাংলাদেশ প্রতিনিধি দলের ভারপ্রাপ্ত প্রতিনিধি স্ট্যানলি গোয়াভুয়া, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ–এর চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন–এর প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।