বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পোস্টাল ব্যালট না পাওয়া মালয়েশিয়া প্রবাসীদের দ্রুত পোস লাজু অফিসে যোগাযোগের আহ্বান

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের জন্য নিবন্ধন করা মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি নাগরিকদের মধ্যে যারা এখনো পোস্টাল ব্যালট পাননি, তাদের নিকটস্থ পোস লাজু অফিসে যোগাযোগ করে ব্যালট সংগ্রহের জন্য অনুরোধ জানিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাস

সোমবার (১৯ জানুয়ারি) পোস্টাল ব্যালট সংক্রান্ত এক বিশেষ বিজ্ঞপ্তিতে নিবন্ধিত প্রবাসী ভোটারদের দৃষ্টি আকর্ষণ করে এই অনুরোধ জানানো হয়।

দূতাবাস জানায়, উল্লেখযোগ্য সংখ্যক পোস্টাল ব্যালট ইতোমধ্যে সংশ্লিষ্ট ভোটারদের ঠিকানার নিকটবর্তী পোস লাজু অফিসে সংরক্ষিত রয়েছে। তবে কিছু ক্ষেত্রে ঠিকানা অসম্পূর্ণ বা অস্পষ্ট হওয়া, আবার কোনো কোনো ক্ষেত্রে প্রাপক পোস লাজু কর্তৃপক্ষের ফোনকল রিসিভ না করায় নির্ধারিত ঠিকানায় সরাসরি ব্যালট বিতরণ করা সম্ভব হয়নি।

এই পরিস্থিতিতে পোস্টাল ব্যালটের জন্য অপেক্ষমাণ সব নিবন্ধিত প্রবাসী ভোটারকে নিজ নিজ নিকটস্থ পোস লাজু অফিসে খোঁজ নিয়ে যথাশিগগির পোস্টাল ব্যালট সংগ্রহ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে দূতাবাস

দূতাবাসের পক্ষ থেকে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পোস্টাল ব্যালট সংগ্রহ ও ফেরত না পাঠালে সংশ্লিষ্ট ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ হারাতে পারেন। তাই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।