পেট্রোল সংকট মোকাবিলায় ধামরাইয়ে বিশেষ নির্দেশনা, কাগজপত্র ও হেলমেট ছাড়া তেল নয়।
সাইফুল ইসলাম ধামরাই প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে সারাদেশব্যাপী পেট্রোল সংকটের প্রভাব পড়ায় জ্বালানি সরবরাহে বিশেষ নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন। সংকট পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়ন্ত্রিতভাবে জ্বালানি বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাতে ধামরাইয়ে পেট্রোল ও অকটেন সরবরাহ পৌঁছালেও রাতেই তা বিক্রি করা হবে না। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, পরদিন সকাল ৭টা থেকে জ্বালানি বিতরণ শুরু করা হবে, যাতে শৃঙ্খলাপূর্ণভাবে তেল সরবরাহ নিশ্চিত করা যায়।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল মামুন জানান, শৃঙ্খলা বজায় রাখতে বৈধ কাগজপত্র ছাড়া কোনো মোটরসাইকেল বা যানবাহনকে তেল দেওয়া যাবে না। একই সঙ্গে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের কাছেও জ্বালানি বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জ্বালানি সংকটের সময় অপব্যবহার ও বিশৃঙ্খলা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়নে পেট্রোল পাম্প মালিক ও সংশ্লিষ্টদের কঠোরভাবে তা অনুসরণ করতে বলা হয়েছে।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগে এলাকায় শৃঙ্খলার মধ্যে জ্বালানি বিতরণ নিশ্চিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।