বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পূর্বশত্রুতার জেরে শান্তিনগরে অটোরিকশা চালক খুন, তিনজন গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

রাজধানীর শাহজাহানপুর থানাধীন শান্তিবাগ এলাকায় অটোরিকশা চালক সেকেন্দার হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশ জানিয়েছে, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ‘বুলেট মামুন’সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—মামুন ওরফে বুলেট মামুন (৩৫), আঁখিশন ওরফে আঁখি ওরফে আকির হোসেন (৪২) এবং মো. হান্নান (২৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

ডিএমপি জানায়, গত ৯ মার্চ রাত সাড়ে ১১টার দিকে শান্তিবাগ এলাকায় ভাড়া বাসায় ফেরার পথে সেকেন্দারের ওপর হামলা চালানো হয়। অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় সেকেন্দারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর শাহজাহানপুর থানা-এ একটি হত্যা মামলা দায়ের করা হয়। তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ রাজধানীর বাসাবো ও খিলগাঁও তিলপাপাড়া এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার মধ্যরাত থেকে শনিবার পর্যন্ত সময়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, প্রধান অভিযুক্ত বুলেট মামুনের বিরুদ্ধে আগে থেকেই শাহজাহানপুর ও পল্টন থানায় ১৫টি মামলা রয়েছে। এছাড়া অপর আসামি আঁখির বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।