বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পুলিশ–জনতার আস্থার সেতুবন্ধন হিসেবে নেছারাবাদ থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

পুলিশ–জনতার আস্থার সেতুবন্ধন হিসেবে নেছারাবাদ থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

“পুলিশই জনতা, জনতাই পুলিশ”—এই মূলমন্ত্রকে ধারণ করে নেছারাবাদ থানায় অনুষ্ঠিত হলো ওপেন হাউজ ডে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) সকাল ১০:৩০ মিনিটে থানা প্রাঙ্গণে আয়োজিত এ জনবান্ধব কর্মসূচিতে স্থানীয় জনসাধারণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, গ্রাম্য পুলিশ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মো:মেহেদী হাসান। অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সভাপতি মোহাম্মদ আতিকুল ইসলাম লিটু, সাংবাদিক মোঃ আসলাম হোসেন (দৈনিক সংগ্রাম), মোঃ আমিনুল ইসলাম মিজান (আহ্বায়ক, স্বরূপকাঠি পৌরসভা স্বেচ্ছাসেবক দল) সহ অন্যান্য বক্তারা। পাশাপাশি উপস্থিত জনসাধারণও তাদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।

বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। ওপেন হাউজ ডে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সরাসরি যোগাযোগ বাড়ায়, অভিযোগ শোনার সুযোগ তৈরি করে এবং আস্থা ও পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে।

থানার পক্ষ থেকে জানানো হয়, জনগণের আস্থা অর্জন ও সেবার মান বাড়াতে নিয়মিতভাবে ওপেন হাউজ ডে আয়োজন করা হচ্ছে। নেছারাবাদকে শান্তিপূর্ণ ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে পুলিশ ও জনতার এই সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন কর্তৃপক্ষ।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতেও এ ধরনের জনমুখী উদ্যোগ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন থানার কর্মকর্তারা।