রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের এসআই মো. ওসমান গনিকে কুপিয়ে জখমের ঘটনায় চট্টগ্রামের খুলশী থানা এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন—শরিফ উদ্দিন বাবু (২২), নাজমুল হাসান (২৩), ইমন (২৩) ও জুয়েল (২২)।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে কাদেরাবাদ হাউজিং এলাকায় স্ত্রী ও সন্তানকে নিয়ে বাসায় ফেরার পথে ওসমান গনির পিঠে ছুরিকাঘাত করা হয়। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন এবং তার পিঠে ৪৫টি সেলাই দেওয়া হয়।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এটি ছিনতাইয়ের ঘটনা নয়; পূর্বশত্রুতার জেরে হামলা হয়ে থাকতে পারে। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করে হামলার কারণ ও ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।