বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পুঁজিবাজারের সমস্যা শুনে সমাধানের আশ্বাস দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

প্রকাশিত হয়েছে- বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গত বুধবার (২০ জানুয়ারি) গুলশান অফিসে পুঁজিবাজারের অংশীজনদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অংশগ্রহণকারীরা শেয়ারবাজারের বর্তমান সমস্যা ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন।

বৈঠকে ডিএসই ও সিএসই, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)-এর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এর মধ্যে ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, পরিচালক মিনহাজ মান্নান ইমনরিচার্ড ডি’ রোজারিও, ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম, বিএমবিএ সেক্রেটারি সুমিত পোদ্দারসহ অন্যান্য উচ্চপর্যায়ের কর্মকর্তা ছিলেন।

বৈঠকে অংশীজনরা শেয়ারবাজারে বিনিয়োগকারীর আস্থা ফিরিয়ে আনা, কাঠামোগত সংস্কার, বাজারে স্বচ্ছতা বৃদ্ধিসহ নানা সমস্যা তুলে ধরেন। তারেক রহমান সকল বিষয় মনোযোগসহ শুনেন এবং বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের অর্থনীতির অন্যতম স্তম্ভ হিসেবে পুঁজিবাজারকে আধুনিক ও শক্তিশালী ভিত্তিতে দাঁড় করানোর কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন  জানান, “চেয়ারম্যান তারেক রহমান আমাদের প্রতিটি সমস্যার কথা আন্তরিকভাবে শুনেছেন। তিনি আশ্বাস দিয়েছেন, বিএনপি সরকার গঠিত হলে শেয়ারবাজারের কাঠামোগত সংস্কার, বিনিয়োগকারীদের আস্থা ফেরানো এবং বাজারকে আরও স্থিতিশীল ও শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করবে।”

উল্লেখ্য, বৈঠকের মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও বিনিয়োগে আকর্ষণীয় করার উপায়। অংশগ্রহণকারীরা মনে করেন, এসব বিষয়ে সরকারী সমর্থন ও নীতি বাস্তবায়ন নিশ্চিত করলে দেশের আর্থিক খাত আরও শক্তিশালী হবে।