বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পিরোজপুরে ঈদের আলোচনায় ১ হাজার কেজির ‘শান্ত’ ষাঁড়, দাম ৮ লাখ টাকা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় এবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বিশাল আকৃতির একটি ষাঁড়, যার নাম ‘শান্ত’। প্রায় ১ হাজার ১০০ কেজি ওজনের এই গরুটি দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন।

মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের গাজী অ্যাগ্রো ফার্ম–এ সম্পূর্ণ প্রাকৃতিকভাবে লালন-পালন করা হচ্ছে হোলস্টাইন ফ্রিজিয়ান জাতের এই গরুটি।

খামার সূত্রে জানা গেছে, প্রায় ২৮ মণ ওজনের গরুটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট এবং উচ্চতা প্রায় ৫ ফুট। বিশাল দেহের কারণে নতুন কেউ কাছে গেলে গরুটি কিছুটা অস্থির হয়ে পড়ে। তবে খামারকর্মীদের সঙ্গে এটি বেশ শান্ত স্বভাবের বলেই পরিচিত।

খামারের কর্মীরা জানান, গরম সহ্য করতে না পারায় ‘শান্ত’র মাথার ওপর সারাক্ষণ ফ্যান চালু রাখা হয় এবং প্রতিদিন দুইবার গোসল করানো হয়। খাবারের তালিকায় থাকে ভুট্টা ভাঙা, ছোলা, কাঁচা ঘাস, খড়, গমের ভুসি ও বিশেষ সাইলেজ। এর পেছনে প্রতিদিন প্রায় ৯০০ থেকে ১০০০ টাকা ব্যয় হয়।

খামারের দায়িত্বপ্রাপ্ত নান্নু মিয়া বলেন, “শান্ত’র বর্তমান ওজন প্রায় ১ হাজার ১০০ কেজি। ঈদকে সামনে রেখে এর দাম চাওয়া হচ্ছে ৮ লাখ টাকা।”

স্থানীয়রা জানান, গরুটিকে এক নজর দেখতে প্রতিদিনই ভিড় করছেন মানুষ। অনেকেই এটিকে এবারের ঈদের সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে দেখছেন।

পিরোজপুর জেলা প্রাণিসম্পদ কার্যালয়–এর তথ্য অনুযায়ী, এবার জেলায় কোরবানির পশুর চাহিদার তুলনায় পর্যাপ্ত পশু রয়েছে, ফলে কোনো সংকট হওয়ার সম্ভাবনা নেই।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরুণ কুমার সিকদার জানান, ‘শান্ত’ বর্তমানে জেলার সবচেয়ে বড় গরু হিসেবে পরিচিত এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এটিকে বড় করা হয়েছে।