বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পিপিএম পদক পেলেন নওগাঁর পুলিশ সুপার

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪

নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হককে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদকে ভূষিত করা হয়েছে। এমন পদক পাওয়ায় জেলায় বইছে আনন্দের জোয়ার। এই পদক আগামীতে আরো ভালো করার পাথেয় হয়ে অনুপ্রেরণার বাতিঘর হিসেবে কাজ করবে বলে মনে করেন এসপি রাশিদুল হক।

আন্তরিকতা, দক্ষতা, সততা, কর্মদক্ষতা ও কর্তব্যনিষ্ঠার মাধ্যমে অপরাধ দমন কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রাখা, বিভিন্ন পুলিশি সেবা প্রদান নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশ বাহিনীর সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করা হয়েছে তাকে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহের প্রথম দিনে পুলিশ সুপারকে সম্মানজনক এই পদকটি প্রদান করেন। এ সময় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও মাননীয় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম উপস্থিত ছিলেন।

এই পুরস্কার প্রাপ্তিতে মুহাম্মদ রাশিদুল হক প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, রাজশাহী রেঞ্জ ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এই অর্জন জেলা পুলিশের সকল সদস্যের অর্জন বলে উল্লেখ করেন রাশিদুল হক। তিনি সকল সহকর্মীসহ জেলাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।