বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পাকিস্তানে সেনাবাহিনীর গাড়িতে অতর্কিত হামলা, নিহত ১১

প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

পাকিস্তানে সেনাবাহিনীর গাড়িতে অতর্কিত হামলা, নিহত ১১
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় সেনাবাহিনীর গাড়ি বহরকে লক্ষ্য করে বন্দুক ও বোমা হামলা চালিয়েছে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি)। এতে ৯ সেনাসদস্য ও ২ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।
বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকালে খাইবার পাখতুনখোয়ার কুররম ও এর পার্শ্ববর্তী জেলা ওরাকজাইয়ের সংযোগ সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, টিটিপির সন্ত্রাসীরা আগে থেকেই ওই এলাকায় অবস্থান নিয়ে ছিল। সামরিক বাহিনীর গাড়ি নাগালের মধ্যে আসা মাত্র ব্যাপকভাবে গুলিবর্ষণ শুরু করে তারা। এর অল্প সময়ের মধ্যেই সড়কে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়। এতে বহরের একটি গাড়ি উড়ে যায়। দুই কর্মকর্তা ওই গাড়িতে ছিলেন। ভিন্ন গাড়িতে ছিলেন সেনারা।
এক বিবৃতিতে পাকিস্তানের সেনবাহিনীর আন্তঃসংযোগ দপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এই সেনা কর্মকর্তা ও সদস্যরা ওরাকজাইয়ে একটি অভিযান শেষ করে ফিরে আসছিলেন। সেই অভিযানে টিটিপির ১৯ জন নিহত হয়েছে।
প্রসঙ্গত, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তারপর থেকেই আফগানিস্তানের সীমান্তবর্তী দুই পাকিস্তানি প্রদেশ খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সন্ত্রাসী তৎপরতা ও হামলার নাটকীয় উল্লম্ফন ঘটেছে।
খাইবার পাখতুনখোয়া মূলত পাকিস্তানপন্থি তালেবানগোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) ঘাঁটি অঞ্চল। অন্যদিকে বেলুচিস্তানে ব্যাপকভাবে তৎপর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। পাকিস্তান এ দু’টি গোষ্ঠী নিষিদ্ধ।
পাকিস্তানের থিংকট্যাংক সংস্থা পিস এর তথ্য অনুযায়ী, চলতি ২০২৫ সালের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৩ মাসে পাকিস্তানে সন্ত্রাসী হামলা এবং সেনা-পুলিশ যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘাতে প্রাণ হারিয়েছেন ৯ শতাধিক।