বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পাকিস্তানে জোড়া বোমা হামলা, নিহত ৭

প্রকাশিত হয়েছে- শনিবার, ২০ জুন, ২০২৬

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলার উজির সাব-ডিভিশনের একটি পাহাড়ি সড়কে জোড়া বোমা হামলায় অন্তত সাতজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন বান্নুর জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) ইয়াসির আফ্রিদি।

পুলিশ জানায়, ফাং মুসা খেল এলাকায় দুটি যানবাহনকে লক্ষ্য করে রিমোট-কন্ট্রোল বোমা বিস্ফোরণ ঘটানো হয়। প্রথম বিস্ফোরণে একটি ব্যক্তিগত গাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

আহতদের হাসপাতালে নেওয়ার সময় প্রথম বিস্ফোরণস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। এতে আরও দুইজন নিহত হন এবং কয়েকজন আহত হন। দুটি গাড়িই বিস্ফোরণে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

ঘটনার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং অতিরিক্ত বিস্ফোরক থাকার আশঙ্কায় তল্লাশি অভিযান শুরু করে। হামলার ঘটনায় তদন্তও শুরু হয়েছে।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।