বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পাকিস্তানে আফগান হামলা, বাড়ছে সীমান্ত উত্তেজনা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৯ জুন, ২০২৬

পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালানোর দাবি করেছে আফগানিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া অঞ্চলে সশস্ত্র গোষ্ঠী এবং গোয়েন্দা চক্রের আস্তানাকে লক্ষ্য করে বৃহস্পতিবার রাতে এই হামলা চালানো হয়।

আফগানিস্তানের দাবি, এসব স্থাপনা তাদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও সমন্বয়ের কাজে ব্যবহৃত হচ্ছিল। তবে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এ হামলার দাবি প্রত্যাখ্যান করেছে।

২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক উত্তেজনাপূর্ণ। ইসলামাবাদ অভিযোগ করে আসছে, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সদস্যদের আশ্রয় দিচ্ছে কাবুল। যদিও আফগান সরকার বরাবরই এ অভিযোগ অস্বীকার করে এটিকে পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা বলে উল্লেখ করেছে।

চীনের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর চেষ্টা হলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো সমাধান হয়নি। সাম্প্রতিক এই হামলা দুই দেশের বিদ্যমান ভঙ্গুর যুদ্ধবিরতিকেও নতুন করে হুমকির মুখে ফেলেছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে যেকোনো হুমকির জবাব দিতে তারা প্রস্তুত এবং প্রয়োজন হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।