পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনির এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার-এর সঙ্গে ফোনে কথা বলেছেন আব্বাস আরাগচি। আলোচনায় মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি, বিশেষ করে যুদ্ধবিরতি ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু গুরুত্ব পায় বলে জানিয়েছে তাসনিম নিউজ।
একই সঙ্গে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট নিচারভান বারজানি-এর সঙ্গেও আরাগচির ফোনালাপ হয়েছে, যেখানে সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা নিয়ে মতবিনিময় করা হয়।
এদিকে যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী USS George H. W. Bush-কে ওই অঞ্চলে মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে সেন্টকম। রণতরীটি ইতোমধ্যে ভারত মহাসাগরে অবস্থান করছে।
এর আগে একই অঞ্চলে USS Abraham Lincoln এবং USS Gerald R. Ford মোতায়েন করা হয়। বিশ্লেষকদের মতে, চলমান ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত-এর প্রেক্ষাপটে কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি সামরিক প্রস্তুতিও বাড়ানো হচ্ছে, যা অঞ্চলের পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে।