বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পশ্চিম ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্স-যুক্তরাজ্য-স্পেনে ভাঙছে তাপমাত্রার রেকর্ড

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

পশ্চিম ইউরোপজুড়ে চলমান তীব্র দাবদাহে ফ্রান্স, যুক্তরাজ্য ও স্পেনে অতীতের সব তাপমাত্রার রেকর্ড ভেঙে গেছে। ফ্রান্সে ইতিহাসের সর্বোচ্চ গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, আর যুক্তরাজ্য ও স্পেনেও জুন মাসের নতুন তাপমাত্রার রেকর্ড সৃষ্টি হয়েছে।

বুধবার ফ্রান্সে দিন ও রাতের গড় তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা ১৯৪৭ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর সর্বোচ্চ। রাজধানী প্যারিসে তাপমাত্রা প্রায় ৪১ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। তীব্র গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় দেশটির পশ্চিমাঞ্চলে হাজার হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারের গোসপোর্টে তাপমাত্রা ৩৬.১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে জুন মাসের সর্বোচ্চ রেকর্ড গড়েছে। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, আগামী দিনে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

স্পেনেও ১৯৫০ সালের পর জুন মাসের সর্বোচ্চ দৈনিক গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশটির কিছু অঞ্চলে এখনো সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। একই পরিস্থিতি দেখা যাচ্ছে ইতালির ১৬টি শহরেও, যেখানে চরম তাপপ্রবাহের কারণে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, চলতি সপ্তাহের শেষ দিকে জার্মানি, নেদারল্যান্ডস ও বেলজিয়ামেও নতুন তাপমাত্রার রেকর্ড সৃষ্টি হতে পারে। পাশাপাশি পোল্যান্ড, ক্রোয়েশিয়া ও হাঙ্গেরিতেও তাপপ্রবাহ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।