শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পশুর হাটের টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ৭

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

রাজবাড়ীতে কোরবানি ঈদ উপলক্ষ্যে অস্থায়ী পশুর হাটের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার শেখ ও একই ইউনিয়নের বাসিন্দা সৌদি প্রবাসী ব্যবসায়ী আকবর খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইউপি চেয়ারম্যানসহ উভয়পক্ষের ৭ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

মঙ্গলবার (১৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিংগা নিজাতপুর বাজার সংলগ্ন চেয়ারম্যানের বাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার শেখ, তার ছেলে রুহান শেখ, ভাই হাসান শেখ ও বোন রোজিনা।তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া ব্যবসায়ী আকবর খানের বড় ভাই লুৎফর খান, ভাস্তে শাহরুখ খান ও ভাস্তে শাওন খান গুরুতর আহত অবস্থায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে।

ঘটনা সূত্রে জানা যায়, কোরবানির ঈদ উপলক্ষ্যে অস্থায়ী পশুর হাটের টাকা ভাগাভাগি নিয়ে গত মঙ্গলবার রাত ১০টার দিকে চেয়ারম্যান দেলোয়ার শেখ ও ব্যবসায়ী আকবর খানের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে আকবর খান রাত ১১টার দিকে চেয়ারম্যানের বাড়ির সামনে এলে চেয়ারম্যানের ছোট ভাই হাসান শেখ গরু জবাই করা ছুড়ি নিয়ে হামলা চালায়। খুন করার উদ্দেশ্যে হাসান শেখ ছুড়ি দিয়ে আকবর খানকে আঘাত করতে গেলে সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান নাহিদুল ইসলাম রাজু তাকে বাধা দেয়। ঘটনাস্থল থেকে আকবর খানকে সরিয়ে দিলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

চেয়ারম্যান দেলোয়ার শেখের ভাই জাকির শেখ বলেন, অস্থায়ী পশুর হাট নিয়ে আকবর খান আমার ভাইকে ফোনে হত্যার হুমকি দেয়। পরে ২০/২৫ জন নিয়ে বাড়িতে এসে হামলা চালায়। এ সময় দেলোয়ার শেখ, তার ছেলে রুহান শেখ, ভাই হাসান শেখ ও বোন রোজিনাকে কুপিয়ে জখম করা হয়।