বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পল্লবীতে ২ শিশুসহ একই পরিবারের ৪ জনের রহস্যজনক মৃত্যু, আত্মহত্যার সম্ভবনা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

রাজধানীর পল্লবী এলাকার ওয়াপদা ভবন বিহারী ক্যাম্প থেকে দুই শিশু সন্তানসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ধারণা অনুযায়ী, শিশুদের হত্যার পর বাবা-মা আত্মহত্যা করেছেন।

পল্লবী থানার সূত্র জানায়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বি-ব্লক, ৩ নম্বর ওয়াপদা ভবন থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন— মোহাম্মদ মাসুম (৩৫), তার স্ত্রী ফাতেমা আক্তার সুমি (৩০), ৪ বছর বয়সী ছেলে মিনহাজ এবং ২ বছর বয়সী ছেলে আসাদ।

স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন যে, নিহত পরিবারটি টিনশেড বাসায় ভাড়া থাকতো। স্বামী মাসুম রিকশা চালাতেন এবং স্ত্রী বিভিন্ন বাড়িতে কাজ করতেন। পরিবারটি বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়েছিল, এবং প্রতিদিন কেউ না কেউ বাসায় এসে ঋণ পরিশোধের জন্য চাপ সৃষ্টি করতো। স্থানীয়দের ধারণা, হয়তো আর কোনো উপায় না দেখে তারা শিশুদের নিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

পল্লবী থানার ডিউটি অফিসার, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহীন আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া অনুসরণ করে মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ নিহত পরিবারের আর্থিক চাপ ও ঋণের বিষয়গুলো তদন্তের অংশ হিসেবে যাচাই করছে। ঘটনার প্রকৃত কারণ ময়নাতদন্ত ও তদন্ত শেষে স্পষ্ট হবে।