মঙ্গলবার , ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পল্লবীতে আকরাম হত্যা মামলায় শ্রমিক লীগ নেতা বাবুল গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

রাজধানীর পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আকরাম খান রাব্বি হত্যা মামলায় পল্লবী থানা শ্রমিক লীগের সভাপতি বাবুল হোসেনকে (৫৮) গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রাতে পল্লবীর বাউনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির পল্লবী থানা পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ১৯ জুলাই বিকেলে পল্লবী থানার মিরপুর-১০ আবুল তালেব স্কুলের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রাস্তা পারাপারের সময় আকরাম খান রাব্বী তাদের গুলিতে গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজনের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আকরামের বাবা ফারুক খান গত ২৫ আগস্ট পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্তাধীন এ মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামি বাবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।