পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সহযোগিতা জোরদার করতে বৈঠক করেছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
রোববার (১২ এপ্রিল ২০২৬) দুপুরে মন্ত্রীর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সাক্ষাৎকালে পরিবেশমন্ত্রী বাংলাদেশের বন সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বর্জ্য ব্যবস্থাপনা, পানি ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহায়তা, প্রশিক্ষণ এবং বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান।
এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন দুই দেশের মধ্যে পরিবেশ ও জলবায়ু খাতে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিশেষ করে বন সংরক্ষণ এবং বন্যপ্রাণী পাচার রোধে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার কথা বলেন।
বৈঠকে উভয় পক্ষ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জন, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং সবুজ অর্থনীতি গড়ে তুলতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।