মঙ্গলবার , ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা! ভিডিও কলে বাবা-মাকে দেখাল মৃত্যুর বিভীষিকা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ভারতের কর্ণাটক রাজ্যে পরকীয়ার সন্দেহে নিজের স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুধু হত্যাই নয়, স্ত্রী মৃত্যুর জন্য ছটফট করার সময় শ্বশুর-শাশুড়িকে ভিডিও কলে সেই দৃশ্য দেখানোর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় কর্ণাটকের বাগালকোট জেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নারীর নাম বাগশ্রি জিগালুর (২৩)। অভিযুক্ত স্বামীর নাম প্রবীন জিগালুর

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রথমে প্রবীন একটি কাঠের গুঁড়ি দিয়ে স্ত্রীকে আঘাত করেন। পরে তার গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। অভিযোগ অনুযায়ী, বাগশ্রি যখন বাঁচার জন্য ছটফট করছিলেন, তখন সেই দৃশ্য ভিডিও করেন প্রবীন।

এরপর তিনি ভিডিও কলে বাগশ্রির বাবা-মাকে যুক্ত করেন, যাতে তারা নিজের মেয়ের শেষ মুহূর্ত সরাসরি দেখতে বাধ্য হন। শুধু তাই নয়, সেই ভিডিও তিনি আরও কয়েকজন আত্মীয়-স্বজনের কাছেও পাঠিয়েছেন বলে অভিযোগ।

তদন্তে আরও জানা গেছে, দাম্পত্য কলহের কারণে গত দুই মাস ধরে বাগশ্রি বাবার বাড়িতে ছিলেন। পরে সব সমস্যা মিটে যাবে বলে আশ্বাস দিয়ে তাকে নিজের বাড়িতে ফিরিয়ে আনেন প্রবীন। কিন্তু সেদিন সন্ধ্যাতেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত প্রবীনকে গ্রেপ্তার করে। হত্যার প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।