বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পয়লা বৈশাখে এনসিপির মঞ্চে নাচ-গানে উচ্ছ্বাস, নেতাদের প্রাণবন্ত অংশগ্রহণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

বাংলা নববর্ষ পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে গানের তালে নেচে-গেয়ে আনন্দে মেতে ওঠেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে রাজধানীর বাংলামোটর এলাকার নেভি গলিতে আয়োজিত এ অনুষ্ঠানে মঞ্চে সংগীত পরিবেশন করছিলেন শিল্পী আশিক ও তার দল। এক পর্যায়ে বাউল সম্রাট শাহ আবদুল করিম-এর জনপ্রিয় গান ‘বসন্ত বাতাসে সই গো’ পরিবেশনের সময় শিল্পী এনসিপির নেতাদের মঞ্চে নাচার আমন্ত্রণ জানান।

শিল্পীর আহ্বানে সাড়া দিয়ে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মঞ্চে উঠে নাচে অংশ নেন। তাদের সঙ্গে আরও কয়েকজন নেতাকর্মী যোগ দেন এবং তারা দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ অন্যদেরও নাচে যুক্ত করেন।

এ সময় মঞ্চের সামনে বসে থাকা দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকেও নাচে অংশ নিতে অনুরোধ করা হয়। তবে তারা হাসিমুখে ইশারায় অনাগ্রহ প্রকাশ করে নিজ আসনেই বসে অনুষ্ঠান উপভোগ করেন। যদিও এর আগে নাহিদ ইসলামকে সহকর্মীদের উৎসাহ দিতে দেখা যায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, আরিফুল ইসলাম আদীব এবং যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

এর আগে বিকেলে বাংলামোটর থেকে পরীবাগ পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে এনসিপি। পরে সরকারি নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৬টার আগেই সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করা হয়।

অনুষ্ঠান শেষে দলটির সংস্কৃতি সেলের আয়োজিত বৈশাখী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন নেতারা, যেখানে উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করা হয়।