শুক্রবার , ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১০ই সফর, ১৪৪৮ হিজরি

পদত্যাগের পর সাবেক রাষ্ট্রপতি চুপ্পুকে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

জামালপুরে এক সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম পদত্যাগের পর সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (চুপ্পু)-কে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় শহরের ফৌজদারী মোড়ে জুলাই পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে তিনি বলেন, শুধু পদত্যাগ করলেই হবে না, গণহত্যা ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে আইনানুগ তদন্ত ও বিচার হওয়া উচিত।

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরও সরকার রাষ্ট্রপতি পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। তিনি বলেন, দেশের মানুষ একজন নিরপেক্ষ, যোগ্য ও জনগণের আস্থাভাজন ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়।

সমাবেশে তিনি ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের দাবিও পুনর্ব্যক্ত করেন।

পদযাত্রাটি বিকেলে শহরের দয়াময়ী মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফৌজদারী মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।