বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ১,৪০০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২ জুন, ২০২৬

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৪০০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (১ জুন) বিকেলে পতেঙ্গা ৯ নম্বর ঘাট এলাকায় পরিচালিত এ অভিযানে দুটি ইঞ্জিনচালিত কাঠের বোটও জব্দ করা হয়।

মঙ্গলবার (২ জুন) সকালে কোস্ট গার্ডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহন করা প্রায় ১ হাজার ৪০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট চোরাকারবারিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জব্দ হওয়া জ্বালানি তেল ও ব্যবহৃত বোটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৬১ হাজার টাকা।

কোস্ট গার্ড পূর্ব জোনের লেফটেন্যান্ট কমান্ডার (গণমাধ্যম) সুমন আল মুকিত বলেন, জব্দ হওয়া জ্বালানি তেল ও বোটের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। উপকূলীয় এলাকায় জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, দেশের সামুদ্রিক ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ বাণিজ্য ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড নিয়মিত নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এবারও সেই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে।