বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পঞ্চগড়ে বাস থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৫ মে, ২০২৬

পঞ্চগড়ের বোদা উপজেলায় চলন্ত যাত্রীবাহী বাস থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে শান্ত (৩৮) নামে এক বাসচালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) সকালে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বোদা পৌরসভার বাইপাস মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শান্ত ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ‘সামিম’ নামে একটি গেটলক যাত্রীবাহী বাস বোদা বাইপাস মোড় এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক যাত্রী গাড়িতে ওঠার জন্য সংকেত দেন। এ সময় বাসচালক ব্রেক করলে সেটি হঠাৎ বিকল হয়ে পড়ে এবং নিয়ন্ত্রণ হারায়।

এর ফলে বাসের গেটে দাঁড়িয়ে থাকা সহকারী শান্ত ভারসাম্য হারিয়ে সড়কে পড়ে যান। পরে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বোদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) Sowail Rana জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দুর্ঘটনাটি স্থানীয়দের মধ্যে শোকের ছায়া ফেলেছে এবং সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।