বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে তরুণের মৃত্যু: ৬ ঘণ্টা পর উদ্ধার মরদেহ

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ছয় ঘণ্টা পর সজীব (১৯) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।

রোববার (৫ এপ্রিল) দুপুর ১টার দিকে করতোয়া নদী-এর আউলিয়াঘাট এলাকায় গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। পরে সন্ধ্যা ৬টার দিকে নদীর গভীর অংশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সজীবসহ চারজন তরুণ নদীতে গোসল করতে নামেন। এ সময় সাঁতার না জানার কারণে সজীব ও আরেকজন তরুণ গভীর পানিতে তলিয়ে যেতে থাকেন। সঙ্গে থাকা দুইজনের মধ্যে একজনকে উদ্ধার করা সম্ভব হলেও সজীব পানিতে তলিয়ে নিখোঁজ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে প্রায় ৩০ মিনিটের অভিযানে নদীর গভীর থেকে সজীবের মরদেহ উদ্ধার করে।

নিহত সজীবের বাড়ি বোদা উপজেলার বড়শশী ইউনিয়নে। তার বাবার নাম মালেক। পরিবার সূত্রে জানা গেছে, তিনি ঢাকায় বসবাস করতেন এবং এক সপ্তাহ আগে গ্রামের বাড়িতে এসেছিলেন। রোববারই তার ঢাকায় ফেরার কথা ছিল।

স্থানীয়দের মতে, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সজীব। ইতোমধ্যে তিনি পাসপোর্ট ও ভিসার কাজও সম্পন্ন করেছিলেন।

বোদা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর রায়হান ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। কয়েক ঘণ্টা চেষ্টার পর রংপুরের ডুবুরি দল এসে অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নদীতে গোসলের সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।