বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পৌঁছাবে সরাসরি নগদ ওয়ালেটে

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

দেশে প্রবাসী শ্রমিকরা তাদের স্বজনদের কাছে রেমিট্যান্স পাঠানোর আরও সহজ ও নিরাপদ মাধ্যম পেয়েছেন। ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ এবং ন্যাশনাল ব্যাংক পিএলসি চুক্তির মাধ্যমে বিদেশ থেকে পাঠানো অর্থ সরাসরি নগদ ওয়ালেটে পৌঁছে দেওয়ার সুযোগ উন্মুক্ত করেছে।

চুক্তির আওতায় বিদেশ থেকে প্রেরিত রেমিট্যান্স ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে নগদ ওয়ালেটে সরাসরি সুবিধাভোগীদের হাতে পৌঁছাবে। ফলে প্রবাসীরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউস, মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) বা ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠাতে পারবেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে থেকেও উপকারভোগীরা সর্বনিম্ন ক্যাশ আউট খরচে ২৪ ঘণ্টার মধ্যে রেমিট্যান্স গ্রহণ এবং ব্যবহার করতে পারবেন।

রেমিট্যান্স গ্রহণকারীরা সরকারের দেওয়া ২.৫ শতাংশ প্রণোদনাও উপভোগ করতে পারবেন। এছাড়া ৬০টিরও বেশি এমটিও এবং তিন লাখেরও বেশি নগদ উদ্যোক্তা পয়েন্টের মাধ্যমে এই সেবা পাওয়া যাচ্ছে।

ঢাকার বনানীতে নগদের প্রধান কার্যালয়ে সম্প্রতি ন্যাশনাল ব্যাংক পিএলসি ও নগদের মধ্যে রেমিট্যান্স পেমেন্ট সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী এবং নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) মো. মেশকাত-উল-আনোয়ার খান, রেমিট্যান্স বিভাগের প্রধান মিল্টন রায়, নগদের সিনিয়র সহযোগী প্রশাসক মো. হাবিবুর রহমানমো. আবু তালেব, সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, চিফ কমার্শিয়াল অফিসার মুহম্মদ শাহীন সারোয়ার ভূঁইয়া এবং রেমিট্যান্স বিভাগের প্রধান মো. আহসানুল হক বাশারসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নাগদ ও ন্যাশনাল ব্যাংক দুই পক্ষই এই উদ্যোগকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। চুক্তির মাধ্যমে দেশে রেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধি পাবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করা হয়েছে।