ভারতের নৌবাহিনীতে যুক্ত হয়েছে দেশীয় প্রযুক্তিতে নির্মিত তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ। রোববার (২১ জুন) কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে জাহাজগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী Narendra Modi।
নতুন যুক্ত হওয়া জাহাজ তিনটি হলো স্টিলথ ফ্রিগেট ‘দুনগিরি’, জরিপ জাহাজ ‘সংশোধক’ এবং অগভীর পানিতে সাবমেরিনবিরোধী যুদ্ধজাহাজ ‘অগ্রে’। ভারতের নৌবাহিনীর মতে, এসব জাহাজ সামুদ্রিক যুদ্ধ, হাইড্রোগ্রাফিক জরিপ এবং সাবমেরিন শনাক্ত ও ধ্বংসের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।
‘দুনগিরি’ আধুনিক স্টিলথ প্রযুক্তিতে নির্মিত একটি শক্তিশালী যুদ্ধজাহাজ। এতে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রসহ উন্নত অস্ত্র ও সেন্সর সংযোজন করা হয়েছে। অন্যদিকে ‘সংশোধক’ গভীর সমুদ্র ও উপকূলীয় জরিপ কার্যক্রমে ব্যবহৃত হবে এবং এতে আধুনিক আন্ডারওয়াটার ও রিমোট অপারেটেড ভেহিকল রয়েছে।
অপরদিকে ‘অগ্রে’ বিশেষভাবে অগভীর পানিতে শত্রু সাবমেরিন শনাক্ত ও ধ্বংসের জন্য তৈরি করা হয়েছে। এতে টর্পেডো ও দেশীয় রকেট লঞ্চার সংযুক্ত রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি বলেন, ভারত শুধু অস্ত্রের ক্রেতা হয়ে থাকতে চায় না, বরং প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভর শক্তি হিসেবে নিজেদের গড়ে তুলছে। তিনি নতুন তিনটি জাহাজকে ভারতের ক্রমবর্ধমান সামুদ্রিক শক্তি ও আত্মনির্ভরতার প্রতীক হিসেবে উল্লেখ করেন।