বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নৌবাহিনীর নেতৃত্বে টেকনাফে যৌথ অভিযান: ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
কক্সবাজারের টেকনাফ উপজেলায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা

বুধবার (১৪ জানুয়ারি) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ দল সন্দেহভাজন কয়েকটি অটোরিকশায় তল্লাশি শুরু করে।

এ সময় ইয়াবা বহনকারী একটি অটোরিকশার চালক তল্লাশি টের পেয়ে গাড়িটি রাস্তার ঢালে ফেলে রেখে পাশের রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে পালিয়ে যায়। পরে চালকবিহীন অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে এই সফল যৌথ অভিযান পরিচালিত হয়।

উদ্ধারকৃত ইয়াবা ও ব্যবহৃত অটোরিকশাটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।