বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নোয়াখালী-৬ আসনে শাপলা কলি প্রতীকে লড়বেন হান্নান মাসউদ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

নোয়াখালী-৬ আসনে শাপলা কলি প্রতীকে লড়বেন হান্নান মাসউদ
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে শাপলা কলি প্রতীকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচন করবেন দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে প্রথম ধাপের ১২৫ জন দলীয় মনোনীত প্রার্থীর তালিকা ঘোষণা করে এনসিপি। এতে নোয়াখালীর ৬টি আসনের মধ্যে ৩টি আসনে শাপলা কলি প্রতীকে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

এগুলো হলো, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে ব্যারিস্টার ওমর ফারুক, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে অ্যাডভোকেট হুমায়রা নূর ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে আবদুল হান্নান মাসউদ।

অন্যদিকে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী), নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের প্রার্থী এখনো ঘোষণা করা হয়নি।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবদুল হান্নান মাসউদ বলেন, শাপলা প্রতীক আমার জন্য গৌরবের, তবে প্রতীকের চেয়েও গুরুত্বপূর্ণ হলো মানুষের ভালোবাসা। হাতিয়ার প্রতিটি মানুষের সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক। বহু বছর ধরে আমি এখানকার অসহায়, সুবিধাবঞ্চিত মানুষদের পাশে থেকেছি। ঝড়-বন্যা থেকে শুরু করে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার, চিকিৎসা-সেবায় বঞ্চিত রোগী, শিক্ষা ও জীবিকার সমস্যা, সব জায়গাতেই সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, হাতিয়ার উন্নয়ন শুধু একটি নির্বাচনী প্রতিশ্রুতির বিষয় নয়। এটা আমার ব্যক্তিগত অঙ্গীকার। বিশেষ করে নদীভাঙন রোধে দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছি, কারণ বাড়িঘর হারানোর কষ্ট আমি খুব কাছ থেকে দেখেছি। মানুষের চোখের জল মুছতে, তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে আমি সবসময় চেষ্টা করছি, সামনে আরও জোরদারভাবে কাজ করতে চাই।

তিনি বলেন, রাজনীতি আমার কাছে ক্ষমতা বা পদ লাভের বিষয় নয়, এটা মানুষের সেবা করার সুযোগ। জনগণই আমার শক্তি, আমার অনুপ্রেরণা। তারা যে বিশ্বাস আমাকে দিয়েছেন, আমি সেই বিশ্বাসের মর্যাদা আমৃত্যু রক্ষা করবো ইনশাআল্লাহ। হাতিয়ার উন্নয়ন ও মানুষের কল্যাণে আমি সর্বদা নিবেদিত থাকব। তাদের রায়কে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা করি এবং বিশ্বাস করি, একসঙ্গে আমরা একটি উন্নত, নিরাপদ ও সমৃদ্ধ হাতিয়া গড়ে তুলতে পারব।