পিরোজপুরের নেছারাবাদে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত একটি যৌথ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী দম্পতিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) ভোররাতে নেছারাবাদ স্বরূপকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জগৎপট্টি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—রাসেল হাওলাদার (৩৫) ও তার স্ত্রী নাসরীন আক্তার (৩০)। রাসেল হাওলাদার মৃত আবুল কালামের ছেলে।
গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেছারাবাদ সেনা ক্যাম্পের কমান্ডার আল আরাফের নেতৃত্বে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার ভোর আনুমানিক রাত ৩টার দিকে তাদের নিজ বাসায় আকস্মিকভাবে অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাসেল হাওলাদার ও তার স্ত্রী এলাকায় মাদক কেনা-বেচা ও সরবরাহের সঙ্গে জড়িত ছিল। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরবর্তীতে নিশ্চিত তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
তল্লাশি চলাকালে আটককৃতদের হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় ধারালো অস্ত্র এবং অপরাধমূলক কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল হাওলাদার এলাকায় মাদক কেনা-বেচা ও সেবনের সঙ্গে জড়িত একাধিক ব্যক্তির নাম প্রকাশ করেছে বলে জানা গেছে।
উদ্ধারকৃত আলামতের বিবরণ: ৩৩০ পিস ইয়াবা ট্যাবলেট,৭ গ্রাম গাঁজা,১টি জঙ্গল নাইফ,১২টি মোবাইল ফোন,৫টি সিম কার্ড,১টি পাওয়ার ব্যাংক,২টি সিসি ক্যামেরা ও ১টি মেমোরি কার্ড, মদ ও সিসা সেবনের বিভিন্ন সরঞ্জাম,৬টি গ্রাইন্ডিং মেশিন,মদের বোতল
৩৬ পিস অ্যালুমিনিয়াম ফয়েল। আটককৃত দুই ব্যক্তি এবং জব্দকৃত সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে অপরাধ দমন এবং মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সেনাবাহিনীর নেতৃত্বে এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্রম, ১৪৪৮ হিজরি
নেছারাবাদে সেনা ক্যাম্পের কমান্ডার আল আরাফের নেতৃত্বে যৌথ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী দম্পতি আটক উদ্ধার বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬