নেছারাবাদ উপজেলার সকল দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব অমিত দত্ত-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) সকালে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে উপস্থিত অতিথিদের সাথে পরিচয় পর্ব এবং মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ইউএনও জনাব অমিত দত্ত বলেন, নেছারাবাদ উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সকলকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে চান তিনি। প্রশাসন হবে জনবান্ধব, স্বচ্ছ ও দায়বদ্ধ—এমন প্রত্যাশার কথাও তিনি তুলে ধরেন। তিনি দাপ্তরিক কাজে শৃঙ্খলা বজায় রাখা, দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত বক্তারা নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে বলেন, দক্ষ ও ইতিবাচক নেতৃত্বের মাধ্যমে নেছারাবাদ উপজেলায় উন্নয়ন ও সেবার নতুন অধ্যায় সূচিত হবে বলে তারা আশাবাদী। উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন বিষয়ক প্রস্তাবনাও সভায় তুলে ধরা হয়।
মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে সকলের সক্রিয় সহযোগিতার মাধ্যমে নেছারাবাদকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।