বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নীলফামারীতে চালককে জুস খাইয়ে অজ্ঞান, ইজিবাইক ছিনতাই

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

নীলফামারীর কিশোরগঞ্জে যাত্রীবেশে ইজিবাইকে উঠে চালককে জুস খাইয়ে অচেতন করে গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

সোমবার (৯ মার্চ) রাত আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের চেংমারী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার চালকের নাম ফেরদৌস আলম (২৫)।

তিনি উপজেলার নিতাই ইউনিয়নের কাচারি বাজার এলাকার মোহাম্মদ এমদাদুল হকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা যাত্রী সেজে ফেরদৌসের ইজিবাইকে ওঠে। তারা চালককে নিয়ে পেট্রোল পাম্প এলাকা থেকে বড়ভিটার দিকে যাচ্ছিল। পথিমধ্যে চেংমারী ব্রিজ এলাকার জনশূন্য জায়গায় পৌঁছালে তারা চালককে জুস খেতে দেয়। জুস পান করার কিছুক্ষণের মধ্যেই ফেরদৌস অচেতন হয়ে পড়েন। এ সময় তাকে রাস্তার পাশে ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে চম্পট দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা ফিরোজ আলী বলেন, ‘রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি এক যুবক অজ্ঞান হয়ে পড়ে আছেন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। এখানে চিকিৎসা পাওয়ার পর কিছুটা সুস্থ হলে তিনি জানান যে, তাকে জুস খাইয়ে অচেতন করে ইজিবাইকটি ছিনিয়ে নেওয়া হয়েছে।’

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘বিষয়টি আমি অবগত হয়েছি। ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশের চেষ্টা চলছে।’