বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

“নির্বাচন সুষ্ঠু রাখতে অপপ্রচারের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হতে হবে: ইসলামী আন্দোলন”

প্রকাশিত হয়েছে- বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

নির্বাচনের পরিবেশ সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর রাখতে অনলাইন অপপ্রচার ও মিথ্যাচারের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হতে হবে বলে আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও দলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহবুবুর রহমান।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন। বৈঠকে দলের আমিরের বিরুদ্ধে চলা অবিরাম মিথ্যাচার রোধ ও নির্বাচনকালীন অপপ্রচার প্রতিরোধ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, “সাম্প্রতিক সময়ে সংঘবদ্ধ অপরাধী চক্র ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচার চালাচ্ছে। এর মধ্যে একটি ভুয়া সংবাদ প্রচার করা হয়েছে যে চরমোনাই থেকে সেনাবাহিনী টাকা উদ্ধার করেছে। এই ধরনের মিথ্যাচার ও সাইবার বুলিং নির্বাচনের পরিবেশকে অসুস্থ করছে এবং নোংরামির বিস্তার ঘটাচ্ছে। এটা বন্ধ করতে হবে।”

তিনি জানান, ডিবি প্রধান শফিকুল ইসলাম বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। দলের পক্ষ থেকে রাজনৈতিক প্রচারের নামে মিথ্যাচার ও অপপ্রচার বন্ধ করার জন্য প্রশাসনের কাছে স্পষ্টভাবে দাবি জানানো হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন দলের প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মাওলানা সিদ্দিকুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি খায়রুল আহসান মারজান এবং সাইবার টিমের আহ্বায়ক অ্যাডভোকেট মনির হোসেন।