শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নির্বাচন পরিস্থিতি নিয়ে সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উদ্ভূত বিভিন্ন ইস্যুতে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৮ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে তিনি নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে সিইসির কক্ষে প্রবেশ করেন।

এর আগে বিকেল ৪টা ৪৫ মিনিটে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে উপস্থিত হয়। পরে তিন সদস্যের এই প্রতিনিধি দলটি সিইসির সঙ্গে বৈঠকে অংশ নেয়। বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত আছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। বৈঠকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি, মনোনয়ন যাচাই-বাছাই ও আপিল সংক্রান্ত বিষয়, নির্বাচনী পরিবেশ এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে নির্বাচন কমিশনের সামনে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও দলগুলোর আপত্তি-দাবির প্রেক্ষাপটে নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন উঠে আসে। এমন প্রেক্ষাপটে বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে সিইসির এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।