রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বসে পড়েছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল। ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠির প্রভাব বিস্তারের প্রতিবাদে তারা ‘নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি’ পালন করছে।
রোববার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত থেকে কর্মসূচি শুরু করেন। রাজধানীসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন থানার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রাকিব বলেন, “ব্যালট পেপার ইস্যু এবং একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব প্রতিপত্তি আমাদের এই কর্মসূচিতে প্ররোচিত করেছে। আমরা এখানে জবাবদিহিতা নিশ্চিত করতে এসেছি। যদি অবাধ ও জবরদস্তিমূলক প্রভাব বন্ধ না হয়, তবে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।”
অন্যদিকে, একই দিন সন্ধ্যায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে সাক্ষাৎ করবেন।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন। প্রতিনিধি দলে থাকবেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।