বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নির্বাচনে ভোটের অধিকার লঙ্ঘিত: শফিকুর রহমান অভিযোগ, বিচারের রায় জনগণের হাতে আসবে

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অভিযোগ করেছেন, জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষের ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে। তিনি বলেন, ভোটের অধিকার লঙ্ঘনের সবকিছু এখন দিবালোকের মতো স্পষ্ট এবং এর সাক্ষীও পাওয়া যাচ্ছে। এই অন্যায়ের বিচার জনগণের আদালতে হবে এবং সেই বিচারের রায় জনগণের পক্ষেই আসবে।

সোমবার (৯ মার্চ) বিকেলে রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি হোটেলে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, “নির্বাচনের আগে আমরা বড় গলায় বলেছি, কোনো দলের বিজয় চাই না, আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়। কিন্তু সেই বিজয় অর্জিত হয়নি।”

শফিকুর রহমান আরও উল্লেখ করেন, সংসদে বিরোধী দল হিসেবে আসন সংখ্যা বা তাতে কায়দা করা তাঁদের কাছে বড় বিবেচ্য বিষয় নয়। বরং জনগণের সুবিধা ও অধিকার নিশ্চিত করাই তাঁদের মূল অঙ্গীকার।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণা করে জামায়াত আমির বলেন, টানা ৫৪ বছরের যন্ত্রণা সহ্য করার পর যুবসমাজের নেতৃত্বে যে পরিবর্তন এসেছে, তা জামায়াত চিরতরে বুকে ধারণ করবে। যুবসমাজ সব ক্ষেত্রে সুবিচার চায়; স্বজনপ্রীতি, দলপ্রীতি, গোষ্ঠিপ্রীতি বা ব্যক্তিপ্রীতি নয়।

তিনি সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বলেন, “আফসোস, আমরা যারা একসঙ্গে মজলুম ছিলাম, আজ তাদের কেউ কেউ ভিন্ন ভূমিকায় কাজ করছে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া না হলে একই ভুল পুনরায় ঘটবে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ।”

শফিকুর রহমান বলেন, সরকারি দলে থাকা ব্যক্তিরাও জামায়াতের শত্রু নন। রাজনীতি কোনো দল বা গোষ্ঠীর জন্য নয়, মানুষের জন্য হওয়া উচিত। তিনি সতর্ক করেছেন, রাজনীতিতে ‘প্রতিহিংসার বিষ’ এবং ‘দুর্নীতির ক্যানসার’ দূর না করলে জাতির ভাগ্যে আরো বড় ক্ষতি হতে পারে।

ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে তিনি বলেন, “আমরা একটি স্থায়ী সমাধান চাই। ফ্যাসিবাদ, দুর্নীতিবাদ ও চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। সংসদে জনগণের অধিকারের পক্ষে কথা বলব। যদি দাবি মানা হয়, সাধুবাদ জানাব। জনগণের অধিকার হত্যা করা হলে তীব্র প্রতিবাদ জানাব, প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলব।”

বিশ্বপরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমানে যে যুদ্ধে ও অস্থিরতা চলছে, তা মুসলিম বিশ্বকে ক্ষতিগ্রস্ত করছে। জামায়াত সব সময় নিপীড়িত মানবতার পাশে থাকবে এবং জুলুমের বিপক্ষে দাঁড়াবে।

ইফতার মাহফিলে রাশেদ প্রধান সভাপতিত্ব করেন। এছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।