বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ভারতকে উদ্দেশ্য করে বলেছেন, দয়া করে ভালো হয়ে যান। বাংলাদেশকে নিয়ে মাথা ঘামাবেন না। ড. ইউনূস বলেই দিয়েছেন পাশেই সেভেন সিস্টার। আমরা মাথা ঘামাতে চাই না। আমার দেশ একটি স্বাধীন দেশ। আমরা স্বাধীনভাবে বসবাস করতে চাই। আমি স্বাধীনভাবে নির্বাচন করতে চাই। কারো হস্তক্ষেপ কামনা করি না।
ভারতকে উদ্দেশ্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, আপনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন এবং ষড়যন্ত্রে সাহায্যও করছেন। বাংলাদেশের মানুষ গরীব হতে পারে, আপনার কারণে অর্থনৈতিকভাবে দুর্বল হতে পারে। কিন্তু একবার আসেন; আমাদের লাগবে না আগরতলার কাছে ব্রাহ্মণবাড়িয়ার মানুষই যথেষ্ট আপনাকে প্রতিহত করতে। সেজন্য কথাবার্তা একটু ভালো করে বলা দরকার।
তিনি আরও বলেন, আপনারা চেয়েছিলেন শেখ হাসিনার মাথায় হাত রেখে বাংলাদেশকে সেভেন সিস্টারের মতো এইট সিস্টার বানাবেন। কল্পনা করেই গেছেন, কিন্তু লাভ হয়নি। শেখ হাসিনা আশ্রয় নিয়েছে আপনাদের কাছে। যদি সত্যিই আপনারা গণতান্ত্রিক দেশ হন, যদি বিশ্বের বৃহত্তম দেশ হয়ে থাকেন, আপনাদের উচিত ছিল শেখ হাসিনাকে আশ্রয়ের পর যখন তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে তাকে এক মিনিটের জন্য না রেখে ড. ইউনূস সরকারের কাছে হস্তান্তর করা। তাহলে আমরা বিশ্বাস করতাম আপনারা বাংলাদেশের মানুষকে সম্মান করেন।