বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নির্বাচনী ব্যয়ের হিসাব জমায় আরও একমাস সময়, প্রার্থীদের আবেদন মঞ্জুর করল ইসি

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের জন্য নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থীদের অসুস্থতা ও বিভিন্ন সীমাবদ্ধতার কথা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশনের ১১তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, নির্ধারিত সময়সীমার মধ্যে অনেক প্রার্থী তাদের ব্যয়ের হিসাব জমা দিতে পারেননি এবং সময় বাড়ানোর আবেদন করেছিলেন। কমিশন সেই আবেদন মঞ্জুর করে অতিরিক্ত এক মাস সময় দিয়েছে।

জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ১৩ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করা হয়। নিয়ম অনুযায়ী, গেজেট প্রকাশের এক মাসের মধ্যে—অর্থাৎ ১৫ মার্চের মধ্যে—প্রার্থীদের ব্যয়ের হিসাব জমা দেওয়ার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী তারা এখন আরও এক মাস সময় পাচ্ছেন।

আইন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ব্যয়ের হিসাব জমা না দিলে প্রার্থীদের জন্য রয়েছে কঠোর শাস্তির বিধান। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, নির্বাচনী ব্যয়ের সীমা ২৫ লাখ থেকে সর্বোচ্চ ৮০ লাখ টাকা পর্যন্ত নির্ধারিত। সময়মতো হিসাব জমা না দিলে জরিমানা, প্রার্থিতা বাতিল, এমনকি ২ থেকে ৭ বছরের কারাদণ্ডের বিধানও রয়েছে।

এদিকে জাতীয় ভোটার দিবস ২ মার্চ পালন না হওয়ার বিষয়ে ইসি সচিব জানান, দিবসটিকে আরও অর্থবহভাবে উদযাপনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তাদের সুপারিশ অনুযায়ী ভবিষ্যতে কর্মসূচি নির্ধারণ করা হবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে কমিশনের সর্বশেষ বৈঠকে কোনো আলোচনা হয়নি। তবে মাঠপর্যায়ের প্রতিবেদন বিবেচনায় নিয়ে যথাসময়ে কমিশন সিদ্ধান্ত নেবে।