নির্বাচনী প্রচারের অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ সফরে যাচ্ছেন। এদিন ঢাকা ফেরা পর্যন্ত তিনটি স্থানে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তিনি।
সোমবার (২৬ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল থেকে তারেক রহমানের সফরসূচির বিষয়টি নিশ্চিত করা হয়।
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য আতিকুর রহমান জানান, তারেক রহমানের ময়মনসিংহ ও গাজীপুর সফর উপলক্ষে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসারকে অবহিত করা হয়েছে। পাশাপাশি সমাবেশ আয়োজনের অনুমতি এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান। এরপর সন্ধ্যা ৬টায় গাজীপুর রাজবাড়ী মাঠে এবং সন্ধ্যা ৭টায় রাজধানীর উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে পৃথক সমাবেশে অংশ নেবেন তিনি।
দিনব্যাপী এসব কর্মসূচি শেষে রাতেই গুলশানে অবস্থিত নিজ বাসভবনে ফিরবেন তারেক রহমান।
দলের নেতাকর্মীদের মধ্যে এই সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে। নির্বাচনী প্রচারে এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিএনপি নেতারা।