নির্বাচনী প্রচারণায় অংশ নিতে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে গুলশানের বাসভবন থেকে তিনি বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র মাহাদী আমীন জানান, সিলেট পৌঁছে গভীর রাতে তারেক রহমান হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করবেন। পরের দিন সকালেই তিনি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন।
সিলেট সফরের পর বিএনপি চেয়ারম্যান পর্যায়ক্রমে অংশগ্রহণ করবেন:
-
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠ
-
হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ উপজেলার উপজেলা মাঠ
-
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠ
-
কিশোরগঞ্জ ভৈরব স্টেডিয়াম
-
নরসিংদীর পৌর এলাকা
-
নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউসিয়া
মাহাদী আমীন জানান, এসব সমাবেশ শেষে গভীর রাতে গুলশানের বাসায় ফিরে যাবেন বিএনপি চেয়ারম্যান। তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী ১৬ বছরের আন্দোলন এবং গণঅভ্যুত্থানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের অবদান মূল্যায়নের জন্য তারেক রহমান বিভিন্ন সফরে শীর্ষ নেতাদের সঙ্গে থাকবেন।
সিলেট সফরে তার সঙ্গে যাচ্ছেন আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, মামুন হাসান, আবদুল মোনায়েম মুন্না, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ইয়াসীন ফেরদৌস মুরাদ ও রাকিবুল ইসলাম রাকিবসহ অন্যান্য ত্যাগী ও সংগ্রামী তরুণ নেতা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন পর এই তৎপরতা তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে প্রাণসঞ্চার করবে। এটি দলের ঐক্য এবং শক্তি প্রদর্শনের পাশাপাশি সরকারবিরোধী আন্দোলন ও আগামী দিনের রাজনৈতিক রূপরেখা তুলে ধরার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।