বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নির্বাচনী প্রচারণায় ময়মনসিংহে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার পর রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে তার গাড়িবহর যাত্রা শুরু করে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে দুপুর আড়াইটায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান।

এছাড়া ময়মনসিংহ সফর শেষে ঢাকায় ফেরার পথে আরও দুটি নির্বাচনী সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের। এর মধ্যে সন্ধ্যা ৬টায় গাজীপুরের রাজবাড়ী মাঠে এবং সন্ধ্যা ৭টায় রাজধানীর উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে আয়োজিত সমাবেশে তিনি বক্তব্য দেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, এসব সমাবেশে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরবেন তারেক রহমান। সফরকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ লক্ষ্য করা গেছে।