নির্বাচনের সময় সহিংসতা প্রতিরোধ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাষ্ট্র ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে মানুষের জন্য আইনি সহায়তা ফাউন্ডেশন। সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আয়োজিত এক আলোচনা সভায় এই আহ্বান জানানো হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংবিধান ও রাজনৈতিক বিশ্লেষক ইকতেদার আহমেদ বলেন, “নির্বাচন একটি সাংবিধানিক অধিকার এবং গণতন্ত্রের মূল ভিত্তি। নির্বাচনকালীন সহিংসতা ভোটারদের মধ্যে ভয় সৃষ্টি করে এবং জনগণের ভোটাধিকারে বাধা সৃষ্টি করে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালন করতে হবে।”
সংগঠনের চেয়ারম্যান আব্দুল বাতেন রাফি বলেন, “নির্বাচনকালীন সহিংসতা কেবল রাজনৈতিক সংকট নয়, এটি একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত না হলে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এই ক্ষেত্রে নাগরিক সমাজ, গণমাধ্যম এবং মানবাধিকার সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
নির্বাহী পরিচালক সামসুদ্দোহা পিন্টু বলেন, “নির্বাচনকালীন সহিংসতা প্রতিরোধে আইনি সহায়তা এবং সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। ভুক্তভোগীদের দ্রুত আইনি সহায়তা দিতে আমাদের সংগঠন ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে।”
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শিব্বির আহমেদ, আমেরিকান বার ও ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের সদস্য ড. মুহাম্মাদ বিলাল হোসাইন, এবং স্পেশালিস্ট ইএনটি ও হেড-নেক সার্জন ডা. এম. আরিফ মোর্শেদ খান।