বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নিরাপদ সড়ক ও জনবান্ধব গণপরিবহনের জন্য নির্বাচনী অঙ্গীকার দাবি রোড সেফটি ফাউন্ডেশনের

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

বাংলাদেশে এখনও নিরাপদ ও জনবান্ধব সড়ক, রেল ও নৌ-যোগাযোগ ব্যবস্থা যথাযথভাবে গড়ে উঠেনি বলে মন্তব্য করেছে রোড সেফটি ফাউন্ডেশন। সংগঠনটি জানিয়েছে, এই ব্যবস্থাগুলো উন্নয়নে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী অঙ্গীকার জরুরি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক স্বার্থ ও দুর্নীতির কারণে টেকসই পরিবহন কৌশল প্রতিষ্ঠা হয়নি। এর ফলে সড়ক দুর্ঘটনা ও যানজট বৃদ্ধি পাচ্ছে, যা দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারসহ সাধারণ মানুষকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে।

সংগঠনটি এই বিষয়ে ১৩ দফা দাবি উত্থাপন করেছে। এর মধ্যে রয়েছে— জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠন ও অধীনস্থ সংস্থাগুলোতে ব্যবস্থাপনাগত সংস্কার, রুট রেশনালাইজেশনসহ আধুনিক বাস সার্ভিস চালু, স্কুল-কলেজের নিজস্ব বাস বাধ্যতামূলক করা, বাস ক্রয়ে সহজ শর্তে ঋণ এবং শুল্ক কমানো।

এছাড়া, সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন, আধুনিক নিরাপত্তা প্রযুক্তি ব্যবহার, মেয়াদোত্তীর্ণ যানবাহন প্রত্যাহার, দক্ষ চালক তৈরির প্রাতিষ্ঠানিক উদ্যোগ, দুর্ঘটনাপ্রবণ এলাকায় ট্রমা কেয়ার সেন্টার স্থাপন, থ্রি-হুইলার ও ছোট যানবাহনের নিরাপত্তা উন্নয়ন এবং রোড সেফটি অডিটের ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে।

ফাউন্ডেশন মনে করিয়ে দিয়েছে, সড়ক, রেল ও নৌপরিবহন একত্রিত করে একটি অভিন্ন যোগাযোগ মন্ত্রণালয় গঠন, প্রশাসন ক্যাডার ও জনগণকে সড়ক নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ট্রাস্ট ফান্ডে অর্থ বরাদ্দ—এসব উদ্যোগ গ্রহণে সরকারের রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য।