শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী জার্মানির উদ্দেশ্যে যাত্রা করেছেন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখ সিকিউরিটি কনফারেন্স (এমএসসি) ২০২৪-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আজ সকালে জার্মানির উদ্দেশ্যে যাত্রা করেছেন।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে আজ সকাল ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-২০৭) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিমানটি (মিউনিখ সময়) ৫টা ২০মিনিটে জার্মানির মুনচেন ফ্রাঞ্জ জোসেফ স্ট্রস বিমানবন্দরে পৌঁছবে। রেকর্ড পঞ্চম এবং টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটা তাঁর প্রথম বিদেশ সফর।

মিউনিখে অবস্থানকালে ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি শেখ হাসিনা নিরাপত্তা সম্মেলনের ফাঁকে জার্মানির চ্যান্সেলর ও ডেনমার্ক এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করবেন। পররাষ্ট্র মন্ত্রী ড.হাছান মাহমুদ গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন,প্রধানমন্ত্রী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও বৈঠক করবেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

সফরের সুচি অনুযায়ী, আগামীকাল ১৬ ফেব্রুয়ারি সকালে উইমেন পলিটিক্যাল লিডারস (ডব্লিউপিএল)-এর প্রেসিডেন্ট সিলভানা কোচ-মেহরিন প্রধানমন্ত্রীর সাথে তাঁর বাসভবনের দ্বিপক্ষীয় বৈঠক কক্ষে সৌজন্য সাক্ষাৎ করবেন। দুপুরে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী ডেভিড ক্যামেরন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে তাঁর বাসভবনের একই বৈঠক কক্ষে সাক্ষাৎ করবেন। শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পারেন এবং কনফারেন্স হলে হোটেল বেইরিশার হফ-এ কনফারেন্স চেয়ারের বক্তব্যকে স্বাগত জানাতে পারেন।

একই দিন বিশ্বব্যাংকের ডেভেলপমেন্ট পলিসি অ্যান্ড পার্টনারশিপের সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ সম্মেলনস্থলের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী হোটেল বেইরিশার হফ-এ ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেনের সঙ্গেও বৈঠক করবেন। শেখ হাসিনা এরপর হোটেল বেইরিশার হফের মেইন হল আই-এ ‘ফ্রম পকেট টু প্ল্যানেট: স্কেলিং আপ ক্লাইমেট ফাইন্যান্স’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেবেন।