বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

“নিয়োগপত্র হাতে চাই”—স্লোগানে উত্তাল শাহবাগ, আন্দোলনে শিক্ষক প্রার্থীরা

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হলেও নিয়োগপত্র না পাওয়ায় রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও উত্তপ্ত হয়ে ওঠে।

আন্দোলনকারীরা একসঙ্গে স্লোগান দিচ্ছেন—“তুমি কে? আমি কে? শিক্ষক, শিক্ষক” এবং “দাবি মোদের একটাই, নিয়োগপত্র হাতে চাই”—এ দুই স্লোগানে পুরো শাহবাগ চত্বর মুখরিত হয়ে ওঠে।

বাংলাদেশ জাতীয় জাদুঘর-এর সামনে হাজারের বেশি সুপারিশপ্রাপ্ত প্রার্থী অবস্থান নেন। তীব্র গরম উপেক্ষা করে অনেকেই ছাতা নিয়ে অংশ নেন আন্দোলনে।

আন্দোলনকারীরা জানান, নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। প্রয়োজনে তারা শাহবাগেই অবস্থান করে খাওয়া-ঘুমসহ সব কার্যক্রম চালাবেন বলেও ঘোষণা দেন।

একজন আন্দোলনকারী দাবি করেন, প্রায় ১১ লাখ প্রতিযোগীর মধ্যে লড়াই করে তারা ১৪ হাজারের কিছু বেশি প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও নিয়োগপত্র না পাওয়ায় তারা চরম অনিশ্চয়তায় রয়েছেন।

তাদের অভিযোগ, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ফল প্রকাশের পর সব প্রয়োজনীয় যাচাই-বাছাই ও নথিপত্র জমা দেওয়া হলেও আড়াই মাসেও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এতে অনেকেই আগের চাকরি ছেড়ে দেওয়ায় আর্থিক ও মানসিক সংকটে পড়েছেন।

আন্দোলনকারীরা আরও জানান, এর আগে সংবাদ সম্মেলন ও আল্টিমেটাম দিয়েও কোনো দৃশ্যমান অগ্রগতি না পাওয়ায় তারা বাধ্য হয়ে শাহবাগে অবস্থান কর্মসূচিতে নেমেছেন। দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।